আসুন সুবিধাবঞ্চিত ও অসহায় রোজদারদের পাশে দাঁড়াই: ড. এম এ কাইয়ুম
প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৫:৪২ AM আপডেট: ০২.০৩.২০২৫ ৫:৪৯ এএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, সুবিধাবঞ্চিত ও অসহায় রোজদার পরিবারের পাশে আমরা অতীতেও ছিলাম, বর্তমানে আছি ও আগামীদিনেও থাকবো। সেই সাথে সমাজের বিত্তবান মানুষদেরকেও সুবিধাবঞ্চিত ও অসহায় রোজদার পরিবারের পাশে দাঁড়াতে আহবান জানান তিনি।
শনিবার রাজধানীর ভাটারা থানার ছলমাইদের দেলোয়ার হোসেন খন্দকারের প্রজেক্টে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় রোজদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এম এ কাইয়ুম বলেন, বিএনপি সব সময় দেশের জন্য, দেশের মানুষের কল্যানের জন্য কাজ করছে। সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের জন্য বিএনপি সব সময় এগিয়ে এসেছে। তাদের পাশে দাঁড়িয়েছে।
আয়োজকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এ ধরনের মানবিক কাজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পছন্দ করেন। এধরনের কাজে তিনি ব্যাপক উৎসাহ দেন। তাই আমরা এই মানবিক কাজগুলো আরো বেশি বেশি করবো। এতে সমাজের অন্য বিত্তবান মানুষরাও উৎসাহ পাবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক। সভাপতিত্ব করেন ভাটারা থানা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খন্দকার। সঞ্চলনায় ছিলেন ভাটারা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম। আলোচনার পর উপস্থিত সুবিধাবঞ্চিত ও অসহায় রোজদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমআর