প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১:২৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে মনি চৌধুরী (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তার স্বামী মেহেদীসহ পরিবারের সদস্যরা ঘর তালা দিয়ে পালিয়ে গেছেন। ২৭ ফেব্রুয়ারি রাতে এই ঘটনাটি ঘটে এবং শুক্রবার তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
মৃত মনি চৌধুরী একই গ্রামের ফারুক মিয়ার ছেলে মেহেদীর সাথে বিয়ে করেছিলেন, তাদের ঘরে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। জানা গেছে, বেকার স্বামীর সংসারে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। ঘটনার পর থেকে মনি চৌধুরীর তিন বছরের মেয়ে মুনতাহাসহ তার শ্বশুরবাড়ির লোকজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিহতের বাবা মহাব্বত চৌধুরী বলেন, "বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে আমাকে মনি চৌধুরীর শাশুড়ি ফোন করে জানায় যে, মনি হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে, তাই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।" তিনি আরো বলেন, "এই খবর পেয়ে আমি হাসপাতালে গিয়েও মনি চৌধুরীকে মৃত অবস্থায় পাই।" কর্তব্যরত চিকিৎসক জানান, মনি মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
নিহতের বাবা সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন এবং নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, "লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
স্বদেশ প্রতিদিন/এমআর