প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩২ পিএম আপডেট: ২৬.০২.২০২৫ ৬:৩৫ PM

খাগড়াছড়ি পৌর শাপলা চত্বর মুক্তমঞ্চে অনুষ্ঠিত এক বিশাল জনসমাবেশে বক্তারা জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছেন। বিএনপির নেতারা দাবি করেন, আওয়ামী লীগ সরকার দেশের জনগণকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এবং তাদের শাসনব্যবস্থা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় পরিণত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, "বিগত দিনগুলোতে আওয়ামী লীগ সরকার দেশের মানুষের অধিকার খর্ব করেছে এবং জনগণের উপর অত্যাচার চালিয়েছে। তাতে পাহাড়ি-বাঙালি সকলেই নির্যাতিত হয়েছে, কেউ রক্ষা পায়নি। এখন আমাদের দাবি—দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দলীয় সরকারের কাছে দেশের ক্ষমতা বুঝিয়ে দিন।"
তিনি আরও বলেন, "তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের জন্য দলের সকল নেতা-কর্মীকে একত্রিত হয়ে কাজ করতে হবে।"
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া তার বক্তব্যে বলেন, "স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অত্যাচারে বিরোধী দল এবং বিএনপির নেতাকর্মীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিগত ১৫ বছর বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেননি, এবং জেল-জুলুম-হুলিয়া মাথায় নিয়ে দেশে দেশে পালিয়ে বেড়াতে হয়েছে।" তিনি আরো বলেন, "এই অবস্থা থেকে মুক্তি পেতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করতে হবে।"
সমাবেশে বক্তারা আরও দাবি করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচন রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন রাষ্ট্রীয় চক্রান্তের বিরুদ্ধে মোকাবিলা করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী এবং অন্যান্য নেতারা।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদল, ছাত্রদল, মহিলা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন নেতাকর্মীরা।
স্বদেশ প্রতিদিন/এমআর