প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৩ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাবেক পৌর কাউন্সিলর, ইউপি সদস্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার হয়েছে। ২০ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের নেতা বেল্লাল হোসেন, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফকরুল ইসলাম ফোরকান ও সূর্যমনি ইউনিয়নের এক ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান ব্যাপারী।
পুলিশ জানায়, ২০২২ সালে বাউফল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক সভায় হামলা, ভাঙচুর ও জখমের ঘটনা ঘটে। ওই ঘটনায় গত বছর ২৪ আগস্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের সংশ্লিষ্টতা ছিল।
এছাড়া, সাবেক চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ ঢাকা ভাটাড়া থানার হত্যা মামলায় গ্রেফতার হলে তাকে এই মামলাতেও গ্রেফতার দেখানো হয়। আ স ম ফিরোজ বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং এই হামলা মামলার প্রধান আসামি।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযান চলমান থাকবে।
স্বদেশ প্রতিদিন/এমআর