প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৯ পিএম

কুড়িগ্রামে জাতীয় সংগীত বিকৃতি ও প্রধান উপদেষ্টাকে কটূক্তি করে টিকটক ভিডিও ছড়ানোর অভিযোগে আলম মিয়া (২৯) নামে এক যুবলীগ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নাগেশ্বরী থানা পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি কুড়িগ্রামের সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ঝান্ডার মোড় এলাকার বাসিন্দা। আলম মিয়া নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের যুবলীগের সদস্য।
পুলিশ জানায়, গ্রেপ্তার যুবলীগের সদস্য আলম মিয়া ৩-৪ দিন আগে তার টিকটক আইডিতে দুটি ভিডিও পোস্ট করেন। যার একটিতে বাংলাদেশের জাতীয় সংগীত বিকৃত করে গাওয়া হয়। সংগীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের সচিবকে নিয়ে কটূক্তি ও উস্কানি মূলক কথা রয়েছে। অপর একটি ভিডিওতে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য রয়েছে।
পুলিশ আরও জানায়, আলম মিয়া ইতোপূর্বে দায়েরকৃত ছাত্র জনতার আন্দোলনে হামলা মামলার আসামি।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, যুবলীগ সদস্য আলম মিয়া ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলা, ভাঙচুর মামলার আসামি। তাকে সেই মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইআর