প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৫ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে ৩টি খাদ্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শহরের রাণীবাজার ও পঞ্চবটি বউবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নোমান আহমেদ পিপিএম, জেলা নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগমসহ জেলা আনসার ব্যাটালিয়ন ও ভৈরব শহর ফাঁড়ি পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, "দেশের চলমান খাদ্যে ভেজাল নির্মূলের জন্য বিশেষ অভিযানের অংশ হিসেবে ভৈরবের বিভিন্ন ফুড প্রোডাক্টস্ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়।"
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় খাজা ফুড প্রোডাক্টস ও বেকারি মালিক মিজান মিয়াকে ২ লক্ষ টাকা, মেসাস্ হক অটো মুড়ি ফ্যাক্টরি ও তালুকদার ফুড প্রোডাক্টস এর মালিক নুরুল হক তালুকদারকে ১ লক্ষ টাকা এবং মোল্লা ফুড প্রোডাক্টস এর মালিক কাইয়ুম মিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতে অসহযোগিতা করায় মুন্না মুম্বাই ফুড প্রোডাক্টস এর মালিক আব্দুর রহমানকে আদালতে হাজির করতে ভৈরব খাদ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়। এই প্রতিষ্ঠানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক পণ্য উৎপাদন করার অভিযোগও রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমআর