প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫০ পিএম

রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে দুটি তেলের ট্রাক ডাকাতির ঘটনায় মতিঝিল থানার ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদারসহ ১২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম এ তথ্য জানান।
তিনি জানান, গত ৩ জানুয়ারি ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে ডিবি পুলিশ পরিচয়ে একটি ভোজ্যতেলের ট্রাক ডাকাতি করা হয়। এরপর একই কায়দায় ২২ জানুয়ারি মোহাম্মদপুর থেকেও একটি তেলের ট্রাক ডাকাতি করা হয়। মোট ২২ হাজার লিটার তেল লুট করা হয়।
পরে তদন্তে নেমে পুলিশ মুন্সীগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাক ও ১৯ হাজার লিটার তেল উদ্ধার করে। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেফতার করা হয়।
মাসুদ আলম আরও জানান, ডাকাত দলের প্রধান যুবলীগ নেতা বেলাল চাকলাদার, যিনি দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধে জড়িত ছিলেন। বেলাল একাধিক হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও এলাকায় থেকেই ডাকাতির কাজ চালিয়ে যাচ্ছিলেন। তিনি ঢাকাসহ বরিশালের সফিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং ওই এলাকার ওয়ার্ড মেম্বার হিসেবে পরিচিত।
স্বদেশ প্রতিদিন/এমআর