প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৭ পিএম

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী রাদিয়া ইসলাম প্রিয়া (১৫) নিহত হয়েছেন। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পৌর শহরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী প্রিয়া শহরের বাদুরতলী এলাকার পলাশ হাওলাদারের মেয়ে এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রিয়া শনিবার বিকেলে কোচিং ক্লাস শেষে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। এ সময় অটোর চাকা থেকে ওড়না পেঁচিয়ে তার গলায় ফাঁস লেগে যায়। তার সহপাঠিরা তাকে অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, "অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর মরদেহ থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
স্বদেশ প্রতিদিন/এমআর