আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ড. এম এ কাইয়ুম
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১১:১৬ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, আলহাজ্ব ড. এম এ কাইয়ুম বলেছেন,পতিত আওয়ামী লীগের দোসরদের প্রলোভনে ভুলবেন না। সরকার আপনাদের আর্থিক সহযোগী করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আর্থিক সহযোগীতা করেছি। এখনও করছি। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা সরকারের এলে আরো বেশি করে সহযোগিতা করবো। কেননা, শহীদ পরিবারের পাশে দাড়ানো আমাদের দায়িত্ব। কিন্তু আপনারা সজাগ এবং সচেতন থাকবেন। আওয়ামী দোসরের প্রলোভনে পরে শহীদ ও আহতদের অমর্যাদা করবেন না। সজাগ ও সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, পতিত আওয়ামী লীগের দোসরদের সঙ্গে কখনো আপোস করবেন না।
শনিবার বিকেলে গুলশানের একটি মিলনায়তনে তারেক রহমানের নির্দেশে জুলাই আগষ্ট ২৪ ছাত্র জনতার আন্দোলনের শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের মাসিক ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জুলাই আগষ্টের শহীদদের কথা তুলে ধরে তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যত্থানে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা বিএনপি নেতাকর্মীরা আজ মুক্তবাতাসে রাজনীতি করতে পেরেছি। কিন্তু জুলাই আগষ্টের আন্দোলনে সারা বাংলাদেশের চেয়ে বেশি শহীদ হয়েছে বাড্ডায়। খোঁজখবর নিয়ে জেনেছি শুধু বাড্ডাতেই ৬১ জন শহীদ হয়েছেন। এই শহীদ পরিবারদের আমরা এককালীন আর্থিক সহযোগীতা করেছি। অনেক পরিবারের প্রতিমাসেই আর্থিক সহযোগীতা পৌঁছে দিচ্ছি। এছাড়াও কোন ছেলে মেয়ের লেখাপড়াসহ যেকোন সমস্যা হলে আমাদের জানাবেন। আমরা তার ব্যবস্থা নেব। এবিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করছি।
ড. এম এ কাইয়ুম বলেন, দোসরদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। যাতে কোনদিন স্বৈরাচার পুনরুজ্জীবিত হতে না পারে। আমরা আর কতদিন বাঁচব। আমরা বিদায় নেব। কিন্তু দেশটা আমাদের থাকবে। দেশে থাকবে আমাদের পরবর্তি প্রজন্ম আমাদের নাতিপুতিরা যাতে ভালো থাকে। দোসরদের তাদের সাথে যেন লড়াই করতে না হয়।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন রাজনীতি করার সুযোগ এসেছে। কিন্তু মনে রাখতে হবে কোন নব্য বিএনপি তৈরি করা যাবে না। আত্বীয় স্বজন যাইহোক নব্যবিএনপির জায়গা দলের ভিতরে হবে না। এজন্য সবাইকে সর্তক থাকতে হবে। কারণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠিন ও কঠোর নির্দেশ দিয়েছে।
তিনি বলেন, কোন চাদাবাজি করা যাবে না। ব্যবসা করতে হবে। আমরা তাদের সহযোগিতা করবো। কিন্তু যারা চাদাবাজি করে দলের সুনাম নষ্ট করবে, তাদের কোনো ছাড় হবেনা। তাদের বিরুদ্ধে আপনারা আমাদেরকে জানাবেন। সঠিক তথ্য দেবেন। আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্যসচিব এজিএম শামসুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য মাহাবুব আলম ভূইয়া শাহীন (ভিপি শাহীন), বাড্ডা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল কাদের বাবু, সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা মো. হারুন অর রশিদ, বাড্ডা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক এমদাদ।
স্বদেশ প্রতিদিন/এমআর