প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম

রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গী গ্রামের আবুল হোসেনের ছেলে ও পৌর যুবলীগের কর্মী আব্দুর রাজ্জাক ওরফে রাজা (৪৫), মৌরাট গ্রামের শওকত আলী সরদারের ছেলে ও মৌরাট ইউনিয়ন যুবলীগের কর্মী মো. সাইফুজ্জামান শুভ (৩৬) এবং বড়গাছি (মৈশালা) গ্রামের আব্দুল রাজ্জাক সরদারের ছেলে ও পৌর ছাত্রলীগের কর্মী মো. রুবেল সরদার (২৪)।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)/১৫(৩) ধারায় দায়েরকৃত পাংশা থানার মামলা নং-৫ (তারিখ: ০৮/০৯/২০২৫, জিআর নং-১৯৬/২৫)-এর তদন্তে প্রাপ্ত আসামি।
পুলিশের দাবি, আসামিরা সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারসহ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল—এমন সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতারের পর পুলিশি প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।