প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ২:২২ পিএম আপডেট: ০৮.১১.২০২৬ ২:২৭ PM

‘করব সমবায়, গড়ব দেশ- সবার জন্য বাংলাদেশ’
প্রতিপাদ্যে রাজবাড়ীর পাংশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ এর সভাপতিত্বে এবং পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সোহরাব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গিয়াস উদ্দিন খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাকিল আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ রফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল আলম আকুলও পাংশা শিল্প বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার সরদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব।
তাঁরা আরও বলেন, সমবায় সমিতির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ভিত্তিক উৎপাদন ও বিপণন কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমবায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে সমবায়ীদের মাঝে গাছ বিতরণ করা হয়।