প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:৫৯ পিএম

নরসিংদীর শিবপুরে জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানকালে ফিলিং স্টেশনটির পরিমাপ যাচাই করে দেখা যায়, প্রতি ১০ লিটার জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের চেয়ে ৩০০ মিলিলিটার কম তেল দেওয়া হচ্ছে। এর ফলে গ্রাহকরা পূর্ণ মূল্য পরিশোধ করেও নির্ধারিত পরিমাণ জ্বালানি তেল থেকে বঞ্চিত হচ্ছিলেন।
এই অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ৪৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন নরসিংদীর একটি টিমের প্রসিকিউশনে পরিচালিত এই অভিযানে শিবপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ভোক্তা সাধারণের স্বার্থ সংরক্ষণ, সঠিক পরিমাপ নিশ্চিতকরণ এবং এ ধরনের অনিয়ম প্রতিরোধে শিবপুর উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনসূত্রে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি