প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:৫৪ পিএম

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চক কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ডার্ক)-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (স্বপন)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হাকিম।
প্রধান অতিথির বক্তব্যে মো. হাবিবুর রহমান (স্বপন) বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই এ বিষয়ে সচেতন করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. লোকমান হাকিম বলেন, শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার শিক্ষা দেওয়া প্রয়োজন। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করা হয়। পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন চামারী ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি বকুল হোসেন, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ডার্ক)-এর কমিউনিটি মোবিলাইজার মোছা. নাজিমা খাতুন ঝর্ণা, সিংড়া উপজেলার প্রজেক্ট অফিসার (মনিটরিং) মো. তৌহিদ রহমান এবং দৈনিক গণবার্তার সিংড়া উপজেলা প্রতিনিধি আশরাফুল সরদার। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।
আয়োজক সূত্রে জানা যায়, CLIMB, WaterAid ও Sweden-এর সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সুস্থ জীবন ও রোগ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।
স্বদেশ প্রতিদিন/এফএইচ