প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:৪৬ পিএম

সরকারের অগ্রাধিকার কর্মসূচির ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের আওতায় ‘এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ স্লোগানে চট্টগ্রাম জেলাজুড়ে এক দিনে এক লাখ গাছের চারা রোপণ করা হবে। এর অংশ হিসেবে মীরসরাই উপজেলায় বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির ৫ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলায় কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে উপজেলার বিভিন্ন সড়কের পাশ, খালপাড়, বেড়িবাঁধ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ উপযুক্ত স্থানে এসব চারা রোপণ করা হবে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নেবেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে ৫ হাজার গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহেদুল ইসলামের তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের সফিউল আলম আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মসূচি নিয়ে সংশ্লিষ্টদের কার্যক্রম পরিচালিত হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরু কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইছমাইল হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মহিউদ্দিন জিলানী ও রেঞ্জ কর্মকর্তা আল আমিন উপস্থিত ছিলেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পরিকল্পিতভাবে চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা গেলে এ কর্মসূচি স্থানীয় পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ