প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:৩৫ পিএম

উত্তরের হিমালয় কন্যা বলে খ্যাত পঞ্চগড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। গত এক সপ্তাহ ধরেই নামছে তাপমাত্রার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করছে ১৭-১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। রাত ও ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, গত সোমবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। পরদিন রোববার ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার তা আরও নেমে দাঁড়ায় ১৭.৭ ডিগ্রি সেলসিয়াসে। আর রোববার সকালে রেকর্ড করা হয় সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে কমছে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ৩১-৩৩ ডিগ্রি সেলসিয়াসে। গত শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানিয়েছেন, রাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের কুয়াশা দেখা যাচ্ছে। ভোরের দিকে সড়ক-মহাসড়ক ও খোলা মাঠ কুয়াশায় ঢেকে যাচ্ছে। এ সময় দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তোলে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কিছুটা কমে যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। রাত ও ভোরে কুয়াশার প্রবণতাও বাড়ছে। সামনের দিনগুলোতে রাতের তাপমাত্রা আরও কমে গিয়ে অধিক শীত অনুভূত হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ