প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:১৯ পিএম

নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১৮ বছর ধরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মানবিক এ উদ্যোগের মাধ্যমে প্রতি বছর হিন্দু-মুসলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে থাকেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে সিংড়া পৌর শহরের দমদমা দত্তপাড়া দুর্গামন্দির কমিটির আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রায় ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং প্রায় ৫ লাখ টাকার ওষুধ বিতরণ করা হয়।
ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শান্তনু কুমার সাহার সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. বর্ণালী তালুকদার, ডা. রাজেশ কুমার, ডা. ইতি রানী, ডা. রওশনারা প্রমুখ।
আয়োজক ও উদ্যোগের উদ্যোক্তা ডা. শান্তনু কুমার সাহা বলেন, প্রতিবছর শারদীয় দুর্গাপূজার নবমী তিথিতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের এ আয়োজন করা হয়। গত ১৮ বছর ধরে ধারাবাহিকভাবে এ কর্মসূচি পালন করে আসছি। এতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। মানুষের সেবা করার মাধ্যমে আমরা তাঁদের পাশে থাকতে চাই।
দীর্ঘদিন ধরে চলমান এ মানবিক উদ্যোগ দুর্গাপূজার আনন্দের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিকতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি