ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. সোহাগ মিয়া নামে এক বাক্প্রতিবন্ধী ব্যক্তির একমাত্র সম্বল বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এতে সোহাগ মিয়ার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে হঠাৎ করেই মধ্যনগর গ্রামের বাক্প্রতিবন্ধী সোহাগ মিয়ার ঘর থেকে আগুনের তীব্র শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। পরবর্তীতে খবর পেয়ে বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সোহাগ মিয়ার একটি বসতঘর, ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ও মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও ঘরের আইপিএসের (IPS) শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রতিনিধিরা জানান, আগুনের তীব্রতা বেশি থাকলেও সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে সোহাগ মিয়ার আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী সোহাগ মিয়া মধ্যনগর গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে। পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে না পেরে বাক্প্রতিবন্ধী সোহাগ ও তাঁর পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন।
ঘটনার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য অনুসন্ধানে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। এক লহমায় সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এই প্রতিবন্ধী পরিবারটিকে জরুরি ভিত্তিতে ঘুরে দাঁড়াতে এবং মাথা গোঁজার ঠাঁই পেতে উপজেলা প্রশাসন ও স্থানীয় বিত্তবানদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন গ্রামবাসী।
স্বদেশ প্রতিদিন/এফএইচ