প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:৩৬ পিএম

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মদনমোহন আগিনার ব্রিজের দুই পাশের ভাঙা রাস্তা সংস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল, কালুখালী উপজেলা শাখা। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে দুর্ভোগে থাকা স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়।
রোববার (১৮ অক্টোবর) চালক দলের কালুখালী উপজেলা শাখার সভাপতি মো. মিলন মোল্লার নেতৃত্বে মাটি ও রাবিশ দিয়ে ব্রিজের দুই পাশের রাস্তা সংস্কার করা হয়। এতে ব্রিজ দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনচালকদের দুর্ভোগ কমবে এবং দুর্ঘটনার ঝুঁকি কিছুটা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
সংস্কারকাজ প্রসঙ্গে কালুখালী উপজেলা চালক দলের সভাপতি মো. মিলন মোল্লা বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব করা আমাদের সবার দায়িত্ব। ব্রিজের দুই পাশের রাস্তা ভেঙে যাওয়ায় সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছিল। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও ছিল। মানুষের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে আমরা উদ্যোগ নিয়ে সংস্কারকাজ সম্পন্ন করেছি। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কাজে পাশে থাকার চেষ্টা করব।”
সংস্কারকাজে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা চালক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ চালক দলের অন্যান্য নেতাকর্মী।
এলাকাবাসী আশা করছেন, এ উদ্যোগের ফলে আপাতত ব্রিজের দুই পাশ দিয়ে চলাচল সহজ হবে। তবে ব্রিজ ও সংযোগ সড়কের স্থায়ী মেরামত এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপও প্রত্যাশা করছেন তাঁরা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ