প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:২১ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ৪:২৩ PM

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকার জাল নোটসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা।
এর আগে শুক্রবার বিকেল ৪টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পবনারটেক এলাকার দেলোয়ার হোসেন মিন্টুর অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বরিশাল জেলার আগৈলঝড়া থানার ফুল্লশ্রী এলাকার মোঃ সিরাজ সরদারের ছেলে কামাল সরদার (৪৮) এবং একই জেলার গৌরনদী থানার চরসি এলাকার চিত্ত সরকারের ছেলে মানিক সরকার (১৯)। তারা উভয়েই গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় হযরত আলীর বাড়িতে ভাড়া থেকে এসব অপকর্ম চালিয়ে আসছিল।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে আশুলিয়ার ধামসোনার পবনারটেক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় জাল টাকার কারবারিরা অবস্থান করছে৷ এমন তথ্যের ভিত্তি অভিযান চালিয়ে দুই জাল টাকার কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় কামাল সরদারের কাছ থেকে ২ লাখ টাকার ১ হাজার টাকার নোট (২০০টি) এবং ৩ লাখ ৫ হাজার ৫০০ টাকার ৫০০ টাকার নোট (৬১১টি) উদ্ধার করা হয়।
এছাড়া তার সহযোগী মানিক সরকারের কাছ থেকে ৭২ হাজার ৩০০ টাকার ১০০ টাকার নোট (৭২৩টি) এবং ১ হাজার ৩০০ টাকার ৫০ টাকার নোট (২৬টি) উদ্ধার করা হয়। অভিযানে সব মিলিয়ে মোট ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকার জাল নোট, জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, জাল নোটসহ গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
স্বদেশ প্রতিদিন/এফএইচ