পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তারের নেতৃত্বে ঢাকার চারপাশের নদীগুলোর পরিবেশ সুরক্ষায় একটি কেন্দ্রীয় সেল গঠন করা হয়। ওই সেলের অধীনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত সাব-কমিটির কার্যপরিধি অনুযায়ী এ মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, নৌপুলিশ, পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও ঢাকা গবেষণাগার কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে শিল্পপ্রতিষ্ঠানগুলোর তরল বর্জ্য পরিশোধনব্যবস্থা (ইটিপি) ও সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পরবর্তী বিশ্লেষণের জন্য চারটি প্রতিষ্ঠান থেকেই তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয় এবং পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়ন এবং তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে।