প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৩১ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জাতীয় পার্টি, গাইবান্ধা জেলা শাখা বুধবার বিকেলে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
শহরের কাঠপট্টির পার্টির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জাতীয় পার্টির কেন্দ্রীয় সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আব্দুর রশীদ সরকার, জেলা শাখার সভাপতি সরোয়ার হোসেন শাহীনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিল থেকে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
পরে পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি সরোয়ার হোসেন শাহীন। তিনি বলেন, ষড়যন্ত্র করে ও হামলা চালিয়ে দেশের মানুষের মন থেকে জাতীয় পার্টিকে মুছে ফেলা যাবে না। কারণ, দেশের উন্নয়ন-অগ্রযাত্রা শুরু হয়েছিল জাতীয় পার্টির আমলেই।
তিনি পার্টির চেয়ারম্যানের বাড়িতে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দুষ্কৃতকারীদের বিচারের আওতায় নেওয়ার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর সোমবার সকালে ঢাকার উত্তরায় জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ