প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:১৮ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে পানিতে ডুবে রোজা মনি নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার ৫ নম্বর কাকড়াবুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কাকড়াবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু রোজা মনি ওই গ্রামের মো. জাহিদুল হাওলাদারের কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে সবার অজান্তে ঘরের পেছনের ডোবার পানিতে পড়ে যায় শিশুটি। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের পেছনের ডোবার পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়।
পরে দ্রুত তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
শিশু রোজা মনির এই আকস্মিক মৃত্যুতে পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ