প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:০৫ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে সাতটি ফার্মেসির বিরুদ্ধে মামলা দায়ের ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বেশ কিছু ফার্মেসিতে নিয়মবহির্ভূতভাবে ওষুধ বিক্রি ও সংরক্ষণ করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়।
অভিযানকালে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ৭টি মামলায় সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল ইসলাম উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল ইসলাম জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান অত্যন্ত জরুরি। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ওষুধের মতো সংবেদনশীল বিষয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ