প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:৫১ পিএম

স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যয় নিয়ে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা), সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম হাবিবুল ইমলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুস ছালাম মিয়া, উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক ইমন এবং ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম।
এ ছাড়া উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তথ্য সংগ্রহকারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বিশদ আলোচনা করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে স্বাবলম্বী পরিবার হিসেবে গড়ে তুলতে সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
স্বদেশ প্রতিদিন/এফএইচ