প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৫:১৮ পিএম

শারদীয় দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে আনোয়ারায় থানা প্রশাসন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে আনোয়ারা থানা কার্যালয়ের মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মাদকবিরোধী প্রচারণা, উচ্চ শব্দে মাইক ও গানবাজনা পরিহার, স্বেচ্ছাসেবক কমিটি গঠন এবং প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পূজাকে কেন্দ্র করে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে থানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে প্রতিটি পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা বা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।
দেলোয়ার হোসেন রাজিবের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য আলহাজ সরওয়ার জামাল নিজামের ব্যক্তিগত সহকারী আক্তার নবী চৌধুরী, বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রতন দেবনাথ, আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া, থানা-পুলিশের সদস্য, উপজেলা পূজা উদযাপন কমিটির আট সদস্য এবং উপজেলার ১১টি ইউনিয়নের পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ