প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:১৪ পিএম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ঝালকাঠিতে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে ময়লা-আবর্জনা ফেলে রাখার দায়ে চারটি মামলায় মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অভিযানের উদ্দেশ্যে একটি র্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এ সময় শহরের ফায়ার সার্ভিস মোড়, রোনালস রোড, প্রেসক্লাবের সামনের এলাকা, পৌর সিটি পার্ক ও এর আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা, সিনিয়র সহকারী কমিশনার মো. উবায়দুর রহমান সাহেল এবং সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ নাসিমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সচেতন নাগরিকেরা অংশ নেন।
অভিযান চলাকালে শহরের বিভিন্ন স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ, দোকান ও অফিসের সামনে অপ্রয়োজনীয় কাগজপত্রসহ ময়লা-আবর্জনা এবং জমে থাকা পানির জন্য আইন অনুযায়ী চারটি মামলায় মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি বাড়িঘর, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। এ জন্য জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এককভাবে কারও পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়।
জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুর বিস্তার রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম এবং পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার কথা জানায় জেলা প্রশাসন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ