প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৩৭ পিএম

রাজবাড়ীর কালুখালীতে হোগলাডাঙ্গী মোহাম্মাদীয়া ইসলামিয়া মডেল কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদ্রাসা প্রাঙ্গণে ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা পর্যায়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোগলাডাঙ্গী মোহাম্মাদীয়া ইসলামিয়া মডেল কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রতিনিধি ও সহ-সভাপতি প্রফেসর ডা. আহাম্মদ আলী। তিনি মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
এর আগে হোগলাডাঙ্গী কবরস্থানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, প্রাক্তন জাতীয় পরিষদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মরহুম আলহাজ্ব এ.বি.এম. নুরুল ইসলামের কবর জিয়ারত করা হয়। পরে মৃগী ইউনিয়নের খড়গড়িয়া গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম মুনতাজ উদ্দিন সিকদারের ছোট ভাই মরহুম ওহাব সিকদারের কবরও জিয়ারত করেন উপস্থিত অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী, কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও প্রতিষ্ঠানের বিদ্যোৎসাহী সদস্য মো. মাসুদ রুমি, বিএনপি নেতা মো. শাহজাহান বিশ্বাস, সহকারী অধ্যাপক মো. হানিফ, বিদ্যোৎসাহী সদস্য মো. আবুল কালাম আজাদ বিশ্বাস, মৃগী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান বিশ্বাস, বাংলাদেশ হাট নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার ও অভিভাবক সদস্য মো. আব্বাস আলী, অভিভাবক সদস্য ও সহকারী মৌলভী মো. হায়দার আলী, অভিভাবক সদস্য মো. সবদার ফকিরসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. আহাম্মদ আলী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
উল্লেখ্য, আলহাজ্ব এ.বি.এম. নুরুল ইসলামের প্রতিষ্ঠিত হোগলাডাঙ্গী মোহাম্মাদীয়া ইসলামিয়া মডেল কামিল মাদ্রাসাটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ