প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৮ পিএম

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। কয়েকটি দাবিতে সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত চালক সড়কে অবস্থান নেন। এতে প্রেস ক্লাবের সামনের সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।
অটো চালকদের অবরোধের কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল অনেকটা কমে যায়। রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অটোরিকশার সংখ্যা কম দেখা গেছে।
অবরোধে অংশ নেওয়া অটোচালক মিল্লাদা মিয়া বলেন, অটোরিকশা চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।
আরেক অটোচালক সুমন অভিযোগ করেন, ট্রাফিক পুলিশ অটোচালকদের হয়রানি করে এবং অটোরিকশা ডাম্পিং করে। অটোরিকশা আটক করা হলে পাঁচ হাজার টাকা করে মামলা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এসব হয়রানি বন্ধের দাবি জানান তারা।
অটোচালকরা বলেন, যেসব সড়কে অটোরিকশা চলাচলের সুযোগ রয়েছে, সেখানে অটো চলতে দিতে হবে। অটোচালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ মানুষ অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অবৈধভাবে অটোরিকশা চললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।
অবরোধের কারণে প্রেস ক্লাবের সামনের সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে রমনা বিভাগের উপকমিশনার জাহিদুল ইসলাম বলেন, পুলিশের ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে। অটোচালকদের সমাবেশ থেকে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি