প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৪ পিএম

দেশে হাম পরিস্থিতিতে নতুন করে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২২১ জন এবং নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ৮৪ জন।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও রোগী শনাক্তের ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ৯৬২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০১ জন।
একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২০ হাজার ৬৪৬ জন।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।
অন্যদিকে, একই সময়ের হিসাবে হাসপাতালে ভর্তি সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বদেশ প্রতিদিন/এফএইচ