প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৫ পিএম

দেশজুড়ে গরমের আমেজ কমিয়ে স্বস্তি ফেরাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উত্তর আন্দামান সাগরে সৃষ্ট একটি লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগসহ গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নেত্রকোনা, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা ও বরিশাল জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা এই বৃষ্টির প্রভাবে প্রশমিত হতে পারে। এই ৫ দিনের বৃষ্টিপাতের ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার অবস্থা বিশ্লেষণ করলে দেখা যায়, ২১ ও ২২ সেপ্টেম্বর দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এরপর ২৩ থেকে ২৪ সেপ্টেম্বর খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা আরও বেড়ে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে আগামী পাঁচ দিনের শেষের দিকে এসে সারা দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
স্বদেশ প্রতিদিন/এস পি