প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপানের অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। বিষক্রিয়ায় তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ বাবা শরাফত আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রতিবেশী ও স্বজনরা চারজনকে উদ্ধার করে প্রথমে বাদাঘাট বাজারের একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। পরে তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মারা যাওয়া তিন শিশু হলো—মেয়ে মাওয়া (১০) এবং দুই ছেলে তামিম (৭) ও শামিম (২)। চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছিল।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফৌজিয়া জানান, রাত ১টা থেকে দেড়টার মধ্যে ঘটনাটি ঘটে থাকতে পারে। সকাল ৭টা ২০ মিনিটের দিকে তিন শিশুসহ তাদের বাবাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর শিশু তিনজনকে মৃত ঘোষণা করা হয়। শরাফত আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
প্রতিবেশী ও স্বজন রনু মিয়ার ভাষ্য অনুযায়ী, শরাফত আলীর স্ত্রী সৌদি আরবে প্রবাসী। ঘটনার দিন তিনি তিন সন্তানকে সঙ্গে নিয়ে স্থানীয় বড়ছড়া বাজারে গিয়েছিলেন। ফেরার সময় সঙ্গে করে বিরিয়ানি নিয়ে বাড়ি ফেরেন। ধারণা করা হচ্ছে, ওই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে সন্তানদের খাওয়ানোর পর তিনি নিজেও তা গ্রহণ করেন।
স্থানীয়দের বরাতে আরও জানা গেছে, শরাফত আলী জুয়া ও মাদকে আসক্ত ছিলেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদও জানান, আশপাশে খোঁজ নিয়ে শরাফতের জুয়া ও মাদকাসক্তির তথ্য পাওয়া গেছে।
তিন শিশুর মরদেহ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছিল। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/এস পি