
গণেশ চতুর্থী উপলক্ষে আম্বানি পরিবারের আয়োজিত গণপতি উৎসবে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। উৎসবের সাজে লাল লেহেঙ্গা, একই রঙের ব্লাউজ ও এক কাঁধে জড়ানো ওড়নায় দেখা যায় তাঁকে। গয়না, চুড়ি ও খোলা চুলে ক্যামেরার সামনে পোজও দেন অভিনেত্রী। তবে অনুষ্ঠানে তাঁর উপস্থিতির চেয়ে বেশি আলোচনায় এসেছে পোশাক।
দিশার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে নানা ধরনের মন্তব্য। অনেকেই প্রশ্ন তুলেছেন, ধর্মীয় অনুষ্ঠানে এমন পোশাক কতটা উপযুক্ত। কেউ কেউ আবার অভিযোগ করেছেন, তারকারা ধর্মীয় আয়োজনকে ফ্যাশন প্রদর্শনের জায়গায় পরিণত করছেন।
কী পরেছিলেন দিশা
২০২৬ সালের গণেশ চতুর্থী উপলক্ষে আম্বানি পরিবারের গণপতি উৎসবে দিশার পরনে ছিল কারুকাজ করা লাল ঘাগরা। এর সঙ্গে ছিল লাল ব্লাউজ, যার গলার কাট ছিল বেশ গভীর। এক কাঁধে জড়ানো লাল ওড়না, বড় দুল ও চুড়িতে উৎসবের সাজ সম্পূর্ণ করেন তিনি।
অনুষ্ঠানে প্রবেশের সময় আলোকচিত্রীদের জন্য পোজ দেন দিশা। পরে সেই মুহূর্তের ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তাঁর পোশাক নিয়ে বিতর্ক শুরু হয়।
এক্সে এক ব্যবহারকারী প্রশ্ন করেন, গণপতি উৎসবের মতো আয়োজনে এমন পোশাক কতটা মানানসই। আরেকজন জানতে চান, ধর্মীয় অনুষ্ঠানের জন্য দিশার পোশাকটি উপযুক্ত কি না।
কেউ কেউ আরও কড়া মন্তব্যও করেছেন। একজনের প্রশ্ন, দিশা গণপতি উৎসবে গিয়েছিলেন, নাকি র্যাম্পে হাঁটতে? অন্য একজনের বক্তব্য, গণেশ দর্শন ও পূজা ধর্মীয় উপলক্ষ; এটি কোনো নাইট ক্লাব, নাচের অনুষ্ঠান বা ফ্যাশন শো নয়।
ব্যক্তিস্বাধীনতা বনাম ধর্মীয় পরিবেশ
দিশার পোশাক নিয়ে সমালোচনার ক্ষেত্রে মূলত দুটি মত সামনে এসেছে। এক পক্ষ মনে করছে, পোশাক বেছে নেওয়া প্রত্যেক ব্যক্তির নিজস্ব স্বাধীনতা। অন্য পক্ষের যুক্তি, ধর্মীয় অনুষ্ঠানের নিজস্ব পরিবেশ ও সামাজিক প্রত্যাশা রয়েছে, তাই সেখানে পোশাকের ক্ষেত্রেও কিছুটা সংযম থাকা উচিত।
সমালোচকদের কেউ কেউ বিষয়টিকে নারীর পোশাক নিয়ন্ত্রণের প্রশ্ন হিসেবে দেখতে চান না। তাঁদের মতে, এখানে ব্যক্তিগত পছন্দের পাশাপাশি ধর্মীয় আয়োজনের প্রতি সম্মান দেখানোর বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।
তবে এ নিয়ে দিশা পাটানি এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।
কৃতির বিতর্কও সামনে
দিশার পোশাক নিয়ে নতুন বিতর্কের সঙ্গে কয়েক সপ্তাহ আগের কৃতি শ্যাননের ঘটনাটিও আবার আলোচনায় এসেছে। গয়না ব্র্যান্ড জিআইভিএর রক্ষাবন্ধন উপলক্ষে তৈরি একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন কৃতি। সেখানে তাঁকে ব্রালেটধাঁচের ব্লাউজ, কেপ ও ড্রেপ করা স্কার্টে দেখা যায়।
বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশে সমালোচনা শুরু হয়। পরে জিআইভিএ বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নেয়।
ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। বিজ্ঞাপনটির উদ্দেশ্য ছিল উৎসবের আনন্দ পোষা প্রাণীদের সঙ্গেও ভাগ করে নেওয়া। তবে কোনো অংশের মানুষের অনুভূতিতে বিজ্ঞাপনটি অনিচ্ছাকৃতভাবে আঘাত করে থাকলে তারা দুঃখিত। এ কারণেই সব মাধ্যম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়।
কৃতি অবশ্য এ বিষয়ে নিজের অবস্থানও জানিয়েছিলেন। বিজ্ঞাপনটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, তাঁর সংস্কৃতি ও ঐতিহ্যের জায়গা হৃদয়ে, পোশাকের গলার কাটে নয়।
ফলে কৃতিকে ঘিরে সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই দিশার পোশাক নিয়ে নতুন আলোচনা বলিউডে ধর্মীয় অনুষ্ঠান ও তারকাদের পোশাক নিয়ে পুরোনো বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ