প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩১ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত ফেনী সফরের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী ফেনী সফর করবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
রোববার দুপুরে ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম সফরের নতুন তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে জেলার বিভিন্ন সরকারি দপ্তর সমন্বিতভাবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশনসহ বিভিন্ন কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। নির্ধারিত নতুন তারিখের আগেই এসব প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে প্রশাসনের।
সফরের তারিখ পরিবর্তন হলেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রস্তুতি অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী পরশুরামে সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেকের অনুমোদন পাওয়া ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ের ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’ উদ্বোধন করবেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার বন্যা নিয়ন্ত্রণ ও পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এরপর প্রধানমন্ত্রী ফুলগাজীর শ্রীপুর এলাকায় তাঁর নিজ নানার বাড়িতে যাওয়ার কথা রয়েছে। সেখানে নির্ধারিত কর্মসূচি শেষে ফুলগাজী ডাকবাংলোতে নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করবেন তিনি।
পরে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভাকে ঘিরে স্থানীয় পর্যায়ে প্রস্তুতিও চলছে।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর হাত দিয়ে কয়েকটি জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন ও সহায়তা হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা ফান্ড হস্তান্তর উল্লেখযোগ্য।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা, যোগাযোগ, অবকাঠামো ও জনসভাস্থলের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব দপ্তর কাজ করছে।
স্বদেশ প্রতিদিন/এস পি