প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, ওই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা পুতুলের ছিল না। একই সঙ্গে তাঁর নিয়োগ প্রক্রিয়ায়ও নানা ত্রুটি ছিল বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি দাবি করেন, পুতুলের নিয়োগ প্রক্রিয়া থেকে দুর্নীতির গন্ধ পাওয়া গেছে।
ডব্লিউএইচওর পরবর্তী আঞ্চলিক পরিচালক নিয়োগের বিষয়ে বাংলাদেশের অবস্থানও তুলে ধরেন হুমায়ুন কবির। তিনি জানান, এবার মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো তুলে ধরা হবে।
তিনি বলেন, নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকেও বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ঢাকা প্রতিবেশী দেশটির সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায়। সীমান্ত হত্যা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধসহ এ-সংক্রান্ত জটিলতাগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা করা হবে।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে রোহিঙ্গা সংকটও বিশেষ গুরুত্ব পাবে বলে জানান তিনি। এ সংকটের সমাধানে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনার পাশাপাশি একটি বিশেষ সাইডলাইন বৈঠকের আয়োজন করা হবে। সেখানে রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক সমাধান ও সংশ্লিষ্ট দেশগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার প্রক্রিয়াও চলছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ