প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম

জাহাজ বণ্টনসংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে পালন না করার অভিযোগে চট্টগ্রাম বন্দরে চারটি শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স ও তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল শিপিং করপোরেশন, মেসার্স ইউনিয়ন ট্রেডার্স, মেসার্স প্যাসিফিক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং মেসার্স সি কোস্ট শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড।
সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত পৃথক দাপ্তরিক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট চার প্রতিষ্ঠানকে তাদের লাইসেন্স ও তালিকাভুক্তি সাময়িক স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট নথি ও বোর্ড সভার সিদ্ধান্তে বলা হয়েছে, জাহাজ বণ্টনের ক্ষেত্রে নির্ধারিত নির্দেশনা ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করার জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অভিযোগ রয়েছে, তারা কর্তৃপক্ষের দেওয়া ওই নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করেনি।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, জাহাজ বণ্টনসংক্রান্ত নির্দেশনা অমান্য করা ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ শিপ হ্যান্ডলিং অপারেটর নীতিমালা-২০১৫’-এর অনুচ্ছেদ-গ-এর ৭.৪ ধারার সুস্পষ্ট ব্যত্যয়।
এ কারণে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড। গত ২৭ জুলাই অনুষ্ঠিত বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড সভার সিদ্ধান্ত নম্বর-২০১৬৬ অনুযায়ী, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে ৭ সেপ্টেম্বর চারটি প্রতিষ্ঠানের লাইসেন্স ও তালিকাভুক্তি সাময়িক স্থগিতের আদেশ জারি করা হয়।
বন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর বিষয়টি সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও দপ্তরকে জানানো হয়েছে। এ সিদ্ধান্তের অনুলিপি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও বিষয়টি অবহিত করেছে বন্দর কর্তৃপক্ষ। জাহাজ বণ্টন প্রক্রিয়ায় নির্ধারিত নিয়ম ও নির্দেশনা নিশ্চিত করতে কর্তৃপক্ষের এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি