
চার্টার্ড বিমানকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলার অভিযোগে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে তিন কোটি রুপির দেওয়ানি মানহানি মামলা করেছে ভারতের চার্টার্ড উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিউন্স এভিয়েশন। গুজরাটের গান্ধীনগরের একটি আদালতে করা মামলায় প্রতিষ্ঠানটি দাবি করেছে, নোরার মন্তব্যের কারণে তাদের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিও হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডিউন্স এভিয়েশনের একটি সেসনা সাইটেশন সিজে২ বিমানে ভ্রমণ করেন নোরা। ওই যাত্রার সময় বিমানের ভেতরে কয়েকটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি।
ডিউন্স এভিয়েশনের অভিযোগ, ভিডিওগুলোতে নোরা বিমানটিকে ‘ছোট’, ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ হিসেবে উল্লেখ করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৪ কোটি ৬০ লাখের বেশি হওয়ায় তাঁর মন্তব্য দ্রুত বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়।
মামলায় প্রতিষ্ঠানটি দাবি করেছে, কোনো প্রযুক্তিগত জ্ঞান বা তথ্য যাচাই ছাড়াই বিমানটি সম্পর্কে মন্তব্য করেছেন নোরা। তাঁর বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘বেপরোয়া’ বলেও উল্লেখ করা হয়েছে।
ডিউন্স এভিয়েশনের আরও অভিযোগ, নোরার ভিডিও প্রকাশের পর তাদের চার্টার্ড বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যায়। পাশাপাশি বাতিলের সংখ্যাও বেড়ে যায়। এতে প্রতিষ্ঠানটির সুনাম, গ্রাহকের আস্থা ও ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে আদালতে এসব অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।
বিমানের নিরাপত্তা নিয়ে প্রতিষ্ঠানের বক্তব্য
নোরা যে বিমানটি নিয়ে মন্তব্য করেছেন, সেটির নিরাপত্তা ও সক্ষমতা নিয়েও নিজেদের অবস্থান জানিয়েছে ডিউন্স এভিয়েশন। প্রতিষ্ঠানটির দাবি, বিমানটি সম্পূর্ণ নিরাপদ এবং উড্ডয়নের উপযোগী। এটি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর অনুমোদিত এবং বৈধ নন-শিডিউলড অপারেটরস পারমিটের আওতায় পরিচালিত হয়।
প্রতিষ্ঠানটির ভাষ্য, জনপ্রিয় একজন তারকার এমন মন্তব্য সাধারণ মানুষের মধ্যে বিমানটির নিরাপত্তা নিয়ে বিভ্রান্তি ও নেতিবাচক ধারণা তৈরি করতে পারে।
আদালতে যে দাবি ডিউন্স এভিয়েশনের
চলতি বছরের এপ্রিলে দায়ের করা মামলায় নোরা ফাতেহির কাছ থেকে তিন কোটি রুপি ক্ষতিপূরণ চেয়েছে ডিউন্স এভিয়েশন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানটি নিয়ে প্রকাশিত ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়া এবং তাঁর মন্তব্যের বিষয়ে প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশও চাওয়া হয়েছে।
গান্ধীনগরের জ্যেষ্ঠ দেওয়ানি বিচারক আর আগরওয়ালের আদালতে মামলাটির পরবর্তী শুনানি ২৫ সেপ্টেম্বর হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে এখনো নোরা ফাতেহির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/এফএইচ