প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৪ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
নতুন চারজনের মৃত্যু নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জনে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। সেপ্টেম্বরের প্রথম ছয় দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন আরও ২৪ জন। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯০৪ জনে।
একই সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ২৩১ জন। ফলে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৭০৯ জন রোগী।
বিভাগভিত্তিক হিসাবেও রাজধানী ও ঢাকার আশপাশের এলাকায় রোগীর চাপ বেশি দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫০৭ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে ২৩৫ জন, চট্টগ্রামে ১৯৮ জন, বরিশালে ১৫৩ জন, রাজশাহীতে ৯৯ জন এবং ময়মনসিংহে ৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং বাড়ি ও আশপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
স্বদেশ প্রতিদিন/এস পি