প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৪ পিএম

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জনে।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২১৬ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে ৪৬৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। চট্টগ্রামে ভর্তি হয়েছেন ২৪৯ জন, সিলেটে ১৫৫ জন এবং বরিশালে ১৩৫ জন।
এ ছাড়া ময়মনসিংহে ৮৬ জন, খুলনায় ৭৯ জন, রাজশাহীতে ৩০ জন এবং রংপুরে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এক দিনে বিপুলসংখ্যক রোগীর হাসপাতালে আসার ঘটনায় পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন।
অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনে। তাদের মধ্যে ১৯ হাজার ৭৫৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
পরিসংখ্যান বলছে, শুধু নিশ্চিত হামে মৃত্যুর পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্য। ফলে রোগ শনাক্তকরণ, দ্রুত চিকিৎসা এবং আক্রান্তদের যথাযথ ব্যবস্থাপনার পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে জনসচেতনতার ওপর গুরুত্ব দেওয়া জরুরি হয়ে উঠেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি