প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৮ পিএম

বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দর ও সীমান্ত এলাকা পরিদর্শন শেষে আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মনোজ কুমার বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সীমান্ত বাণিজ্যের পরিধি বাড়ানোর মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি করা সম্ভব। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
এর আগে দুপুর ১টার দিকে হিলি স্থলবন্দরের ডাকবাংলোয় পৌঁছান ভারতীয় সহকারী হাইকমিশনার। সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে তিনি সীমান্তের শূন্যরেখা পরিদর্শন করেন। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সীমান্তের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
মতবিনিময় সভায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, দুই দেশের ব্যবসায়ী নেতারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ