| শিরোনাম: |

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতনে শিক্ষার্থীদের থাকার জন্য ব্যবহৃত একটি ভবন ধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভবন ধসের পর এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, আটকে পড়াদের উদ্ধারে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (ডিডিএমএ), জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস, দিল্লি পুলিশ, এমসিডি, ক্যাটস ও সিভিল ডিফেন্সের সদস্যরা যৌথভাবে কাজ করছেন।
ধসে পড়া ভবনটি শিক্ষার্থীদের পিজি আবাসন হিসেবে ব্যবহৃত হতো। দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের একটি ভবনও খালি করে দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের খোঁজ নিয়েছেন দিল্লির মন্ত্রী আশিস সুদ। তিনি বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনাস্থলে থাকা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্বদেশ প্রতিদিন/এফএইচ