প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ AM

মার্কিন B1/B2 ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ভিজিটর ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গিয়ে কোন ধরনের কর্মকাণ্ড করা যাবে না, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে দূতাবাস।
শনিবার (৫ সেপ্টেম্বর) নিজেদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ করা B1/B2 ভিজিটর ভিসার আওতায় অনুমোদিত নয়।
এ ছাড়া এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে এমন কোনো কাজ করাও যাবে না, যার জন্য দেশটির কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া হয়। অর্থাৎ, ভিজিটর ভিসা ব্যবহার করে চাকরি বা পারিশ্রমিকভিত্তিক কাজ করার সুযোগ নেই।
দূতাবাস আরও জানিয়েছে, ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা করাও B1/B2 ভিসার আওতায় অনুমোদিত নয়। তাই পর্যটন বা স্বল্পমেয়াদি ব্যবসায়িক উদ্দেশ্যে দেওয়া ভিজিটর ভিসাকে চাকরি কিংবা নিয়মিত শিক্ষার কাজে ব্যবহার করা হলে ভিসার শর্ত লঙ্ঘনের ঝুঁকি রয়েছে।
এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরও সতর্ক করেছিল মার্কিন দূতাবাস। সে সময় জানানো হয়, স্টুডেন্ট ভিসায় থাকা অবস্থায় পড়াশোনার বাইরে কাজ করা, পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে।
মার্কিন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তাই ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত কর্মকাণ্ড ও শর্তগুলো ভালোভাবে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।
স্বদেশ প্রতিদিন/আরএম