প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) আলোচনা সভার আয়োজন করেছে দলটি। বিকেল ৩টায় রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারাও অংশ নেবেন।
দলীয় সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোচনা সভাকে ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মসূচিটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ৩০ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবেই রাজধানীতে এই আলোচনা সভার আয়োজন করেছে দলটি।
স্বদেশ প্রতিদিন/আরএম