| শিরোনাম: |

সপ্তাহজুড়ে ভয়াবহ দাবানলের সঙ্গে লড়াই করছে ইন্দোনেশিয়া। দেশটির বিভিন্ন
অঞ্চলে ছড়িয়ে পড়া আগুন থেকে তৈরি বিষাক্ত ধোঁয়া ইতোমধ্যে প্রতিবেশী
মালয়েশিয়া ও ফিলিপিন্সের বিভিন্ন এলাকাতেও পৌঁছে গেছে।
দাবানলের ধোঁয়া কুয়াশার ঘন চাদরের মতো ঢেকে রেখেছে ইন্দোনেশিয়ার
বিস্তীর্ণ অঞ্চল। এতে দৃশ্যমানতা কমে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে কাজ করা
অগ্নিনির্বাপণ বাহিনীর সদস্যদেরও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।
সুমাত্রা ও বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশ কালিমান্তানে কয়েক লাখ মানুষ
ইতোমধ্যে এই বিষাক্ত ধোঁয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন। ধোঁয়ায় বায়ুর মান
মারাত্মকভাবে নেমে যাওয়ায় শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা নিয়ে হাজার হাজার
মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে, আগুন নিয়ন্ত্রণে ক্লাউড সিডিং এবং
বিমান ব্যবহার করে অগ্নিনির্বাপণ অভিযান পরিচালনাও কঠিন হয়ে পড়েছে। বিশাল
এলাকাজুড়ে ঘন ধোঁয়ার কারণে প্রতিকূল পরিবেশের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে কাজ
চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
কালিমান্তানের বিস্তীর্ণ অঞ্চলে ক্ষতিকর বায়ুর সংস্পর্শে আসছেন লাখো
মানুষ। আগুনের পাশাপাশি ধোঁয়াজনিত স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ছে।
বিশেষ করে শ্বাসতন্ত্রের সংক্রমণ ও অন্যান্য শ্বাসকষ্টজনিত সমস্যায়
আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দাবানলের নতুন করে বিস্তার ঠেকানো এবং বন্যপ্রাণী রক্ষায় কয়েক হাজার
কর্মকর্তা মোতায়েন করেছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণের
পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মানুষের
নিরাপত্তা নিশ্চিত করার কাজও চলছে।
এদিকে বাতাসের সঙ্গে বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে মালয়েশিয়া ও
ফিলিপিন্সের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
দাবানল দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা
হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচএন