| শিরোনাম: |

আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশের মিল-কারখানাগুলোতে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশের বর্তমান জ্বালানি সংকটের পেছনে শুধু সরকারের ভূমিকা নয়, বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতিও দায়ী। তবে সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে শিল্প ও কলকারখানায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, মহেশখালীর গ্যাস টার্মিনালের পরিস্থিতি ইতোমধ্যে অনেকটাই স্বাভাবিক হয়েছে। এর ফলে শিগগিরই দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। শিল্পকারখানাগুলো যাতে প্রয়োজনীয় জ্বালানি পায়, সে জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে চলমান সংকট ধীরে ধীরে কমে আসবে।
রিজভীর ভাষ্য অনুযায়ী, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের পাশাপাশি বিভিন্ন কার্যক্রমও নেওয়া হচ্ছে।
দেশের সামগ্রিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান সংকটকে দীর্ঘস্থায়ী হতে দেওয়া হবে না। বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।