বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, জামায়াতে ইসলামীর কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
আজ রবিবার (২২ নভেম্বর) দুপুরে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, যত ষড়যন্ত্র করেন, যত রকমের আওয়ামী প্রেত্মাতাদের সঙ্গে সম্পর্ক করে বাংলাদেশের নির্বাচনকে করতে চান কিছুই হবে না। আপনাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। কারণ গত দুইদিন আগে যাকে আমরা সারা বাংলাদেশের মানুষ সমর্থন দিয়ে সরকারে বসিয়ে রেখেছি। পৃথিবীর ইতিহাসে যিনি বাংলাদেশের সুনাম অর্জন করে বাংলাদেশে এসেছেন সেই অধ্যাপক মুহম্মদ ইউনুস সাহেব বলেছেন, বাংলাদেশে সুষ্ঠ নির্বাচন হবে।
জামায়াতে ইসলামীর অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে ফারুক বলেন, “যারা ১০ বছর নিষ্ক্রিয় ছিলেন, আওয়ামী লীগের সাথে আঁতাত করে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সুযোগ খুঁজেছেন আজকে তারা কয়েকটি দল মিলে একত্রিত হয়ে বাংলাদেশের নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছেন।”
ইলেকশন না করে কই যাবেন? উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্র করছেন, একবার পিআর ছাড়া ইলেকশনে যাবো না, একবার গণভোট আলাদাভাবে না হলে ইলেকশন করবো না বলছেন। আসল কথা ইলেকশন করবেন। আন্দোলন করবেন কার বিরুদ্ধে? অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, এই ইউনূস সরকার কে? ছাত্র-জনতার অভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধদের রক্তে অর্জিত সরকারেরে প্রধান এটা স্মরণ রাখতে রাখবেন।”
এছাড়াও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমরা যারা ছেড়া প্যান্ট পড়ে অস্ত্র হাতে যুদ্ধ করেছি সেদিনকার কথা মনে পড়লে আপনাদের অত্যাচার-অবিচার, পাকিস্তানি সৈন্যদের বাড়ি দেখিয়ে দেওয়া, অমুক ছেলে মুক্তিযুদ্ধে গেছে তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া এসব কাজের অংশীদার ছিলেন আপনারা। যখন বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেয়া হয় তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা আঁতাত করে ওই ফ্যাসিস্টের সঙ্গে বাংলাদেশে একবার নির্বাচনেও গিয়েছেন।”