প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৩:১৫ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হলের নিচ তলার কর্ণারে ভূমিকম্পের প্রভাবে ফাটল দেখা দিয়েছে। এর সঙ্গে সিমেন্টের আস্তরণও খসে পড়েছে। তবে ঘটনাস্থলে কেউ আহত হয়নি।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে দেশব্যাপী অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পের প্রভাবে হল ভবনের কয়েকটি অংশে ফাটল ধরেছে। হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরিন সানি জানান, ফাটল এবং আস্তরণের খসে পড়া প্রাকৃতিক কারণে ঘটেছে এবং বর্তমানে প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করছে।
নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হলের আবাসিক শিক্ষার্থী তাসমিয়া ফারিন বলেন, “রুমে বসে থাকাকালীন হঠাৎ কম্পন অনুভব করি। পাশের ওয়াশরুমের দেয়ালে বড় ফাটল দেখা দেয়। পরিস্থিতি দেখে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। প্রশাসনকে দ্রুত উদ্যোগ নেওয়ার প্রয়োজন।”
ড. সুমাইয়া আফরিন সানি আরও বলেন, “এ ধরনের ক্ষয়ক্ষতি সারাদেশে লক্ষ্য করা গেছে। ভবনের ফাটল বা আস্তরণের ক্ষয় প্রাকৃতিক এবং আকস্মিক ঘটনা। আমরা নিয়মিত সংস্কার কার্যক্রম চালাচ্ছি। ভবিষ্যতে নতুন ক্যাম্পাস চালু হলে এ ধরনের সমস্যা কমবে।”
এর আগে একই দিনে সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। এতে রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে আতঙ্ক সৃষ্টি হয়।
স্বদেশ প্রতিদিন/কেআইকে