| শিরোনাম: |

ইউরোপজুড়ে পরিচিত ‘কেসলার টুইনস’—জার্মান যমজ সংগীতশিল্পী ও নৃত্যশিল্পী অ্যালিস ও অ্যালেন কেসলার একই দিনে স্বেচ্ছামৃত্যুর মাধ্যমে পৃথিবীকে বিদায় জানিয়েছেন। ৮৯ বছর বয়সী এই দুই শিল্পী দীর্ঘদিন ধরেই একই সঙ্গে জীবনাবসানের ইচ্ছা পোষণ করেছিলেন, যা শেষ পর্যন্ত নিজেদের বাসভবনেই বাস্তবায়ন করেন।
মিউনিখ পুলিশ মঙ্গলবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে জানায়, গ্রুনওয়াল্ডে নিজ বাড়িতেই যমজ দুই বোন একযোগে জীবনাবসানের সিদ্ধান্ত নেন। বহু বছর ধরে তারা এই পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা করছিলেন বলেও জানানো হয়।
জার্মানিতে স্বেচ্ছামৃত্যুকে সম্মানজনক অধিকার হিসেবে স্বীকৃতি দেয় এমন কয়েকটি সংগঠন রয়েছে। অ্যালিস ও অ্যালেন ছিলেন তেমন একটি সংগঠন—‘জার্মান সোসাইটি ফর হিউম্যান ডাইয়িং’—এর সদস্য। মৃত্যুর আগে তারা একজন আইনজীবী এবং একজন চিকিৎসকের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা সম্পন্ন করেছিলেন।
গত বছর ইতালির একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও দুই বোন একই দিনে মৃত্যুবরণ করার ইচ্ছার কথা স্পষ্টভাবে জানিয়েছিলেন।
১৯৩৬ সালে জন্ম নেওয়া অ্যালিস ও অ্যালেন ছোটবেলা থেকেই নাচে প্রশিক্ষণ নেন। ১৯৫০-এর দশকে পরিবারসহ পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে পালিয়ে যাওয়ার পর তাদের বিনোদনজগতের যাত্রা শুরু হয়।
‘কেসলার টুইনস’ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত এই জুটি ১৯৫৫ সালে প্যারিসের বিখ্যাত লিডো ক্যাবারে থিয়েটারের পরিচালক দ্বারা আবিষ্কৃত হন। সেখান থেকেই তাদের আন্তর্জাতিক খ্যাতির পথচলা শুরু। পরবর্তীতে ১৯৫৯ সালের কান চলচ্চিত্র উৎসবের সময় অনুষ্ঠিত ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় তারা জার্মানির হয়ে অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ