| শিরোনাম: |

নরসিংদীর গাবতলী এলাকায় ভূমিকম্পের সময় বাসার সানশেড ভেঙে পড়ে আহত মো. উজ্জ্বল হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। এর মাত্র পাঁচ ঘণ্টা আগেই মৃত্যু হয় তার ১১ বছর বয়সী ছেলে ওমরের।
নিহত উজ্জ্বলের ভাই মো. জাকির হোসেন জানান, উজ্জ্বল নরসিংদী পাট গবেষণা ইনস্টিটিউটে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সকালে ভূমিকম্প শুরু হলে তিনি দ্রুত তার ছেলে ও দুই মেয়েকে নিয়ে বাসা থেকে বের হতে গেলে সানশেড ভেঙে তাদের ওপর পড়ে। এতে উজ্জ্বল, তার ছেলে ও দুই মেয়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদীর একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উজ্জ্বল ও তার ছেলেকে ঢামেক হাসপাতালে আনা হলে ওমরকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গুরুতর আহত উজ্জ্বলকে জরুরি বিভাগ হয়ে আইসিইউতে ভর্তি করা হয়, যেখানে পরে তার মৃত্যু হয়।
জাকির আরও জানান, ওমর নরসিংদীর জামিয়া কামিয়া মাদরাসায় হেফজ বিভাগের ছাত্র ছিল। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার উত্তরপাড়া গ্রামে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, উজ্জ্বলের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ