প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৩:০৯ পিএম

পাবনার ফরিদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২১নভেম্বর) থানাপাড়া এলাকায় রাত ১২টা থেকে ১টার মধ্যে এ হামলা চালানো হয়। এতে কার্যালয়ের দরজা-জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে দ্রুতগতিতে কার্যালয়ে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই তারা ভাঙচুর চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙচুর শেষে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান ও সাবেক আহ্বায়ক জহুরুল ইসলাম বকু বলেন, উপজেলা বিএনপি অফিসে কারা হামলা করেছে সেটা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন। তবে আমাদের ধারণা প্রতিপক্ষই এই হামলা চালিয়েছে। আমাদের নিজ দলের ভেতরে কোনো ঝামেলা নেই। আমরা এখন নেতৃবৃন্দসহ কার্যালয় পরিদর্শন করছি। বিকেল চারটায় আমরা প্রতিবাদ মিছিল করব এবং মামলার বিষয়েও সিদ্ধান্ত নেব।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বনওয়ারীনগর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করেই আওয়ামী লীগ সমর্থিত লোকজনই এসব হামলার সঙ্গে জড়িত। ৫ আগস্টের পর থেকে প্রশাসন একেবারে নীরব। প্রশাসন কোনো ধরনের সক্রিয় ভূমিকা রাখছে না বলেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ এমএস