প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:২৭ পিএম

সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে স্টেশনের কোবাদশেখ মোড় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেসে এ হামলার ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘটনাটি বুধবার রাতে ঘটলেও বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা দায়ের হয়নি।
জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। তবে কেউ আহত হয়নি। ট্রেনে শুধু একটু ক্ষতি হয়েছে। কে বা কারা দিয়েছে এটা জানা নেই।
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ঘটনাটি তিনিও আজই শুনেছেন। কারা এ হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। তিনি বলেন, রেলওয়ের আওতাভুক্ত বিষয় হওয়ায় এ বিষয়ে জিআরপি থানা বিস্তারিত জানাতে পারবে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ